বিএনপিকে উদ্দেশ করে পরওয়ার ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন

বরিশালে জামায়াতের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার সন্ধ্যায় নগরের এ কে স্কুলে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ‘ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন! এখন তারা (বিএনপি) জুলাই আন্দোলন মানে না। আমরা চেয়েছিলাম নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম হবে। কিন্তু করা হলো ইঞ্জিনিয়ারিং।’

রোববার বিকেলে বরিশাল নগরের গির্জা মহল্লা এলাকায় এ কে স্কুল মাঠে জামায়াতে ইসলামী বরিশাল মহানগর কমিটি আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এ কথা বলেন।

অনুষ্ঠানে গোলাম পরওয়ার আরও বলেন, ‘মনে রাখবেন, দেশের জনগণ আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া আসন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে আমরা অংশ নেব। জনগণ এসব স্থানীয় নির্বাচনে তাদের জবাব দেবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল অঞ্চল জামায়াতের সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আবদুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগর নায়েবে আমির মাহমুদ হোসাইন, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল মহানগর শিবিরের সভাপতি নেয়ামুল হাসান, বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু প্রমুখ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *