তারেক রহমানের প্রত্যাবর্তন এ ইতিহাসের সাক্ষী হতে লাখ লাখ নেতাকর্মী এখন ঢাকায়

oplus_1026

ইতিহাসের সাক্ষী হতে লাখ লাখ নেতাকর্মী এখন ঢাকায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ ও শুভেচ্ছা জানাতে ভোলা থেকে সাইকেল চালিয়ে ঢাকা আসেন আব্বাছ মিয়াজী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করছেন আজ। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে দুদিন ধরে সড়ক, নৌ ও রেলপথে ঢাকায় এসেছেন নেতা-কর্মীরা। রাজধানীর পূর্বাচলের ৩শ’ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তারা। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর
প্রায় দেড়যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনে তাকে স্বাগত জানাতে চট্টগ্রাম থেকে লাখো নেতা-কর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। সড়ক, রেলপথে নেতারা তাদের কর্মী নিয়ে ঢাকা উপস্থিত হয়েছেন। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখন রাজধানীতে। তারা বলছেন, তিন ইউনিট এবং সহযোগী ও অঙ্গসংগঠন মিলিয়ে এক লাখের বেশি কর্মী-সমর্থক ঢাকায় গেছেন তারেক রহমানকে বরণ করতে। দলের পক্ষ থেকে ট্রেন, বাস, মাইক্রো ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহনে কয়েকদিন ধরে নেতা-কর্মীরা ঢাকায় এসেছেন। অনেক নেতা বিমানেও ঢাকায় আসেন। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে বুধবার রাতে চট্টগ্রাম ত্যাগ করেন।
বাগেরহাট ॥ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বাগেরহাট জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতা-কর্মী এখন ঢাকায়। তারা সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বলে জানান বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।
তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাগেরহাট জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছে। জেলা বিএনপিসহ প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা ঢাকায় রয়েছেন। বাস, প্রাইভেটকার, মাইক্রোসহ বিভিন্ন যানবাহনে তারা রওনা হন। বাগেরহাটের ১০ হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করবে। তারেক রহমান আমাদের আবেগ, অনুভূতি ও নেতাকর্মীদের ভরসার জায়গা।
জানা গেছে, জেলার ৯টি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাড়া করা হয়েছে। বাগেরহাট সদরসহ মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, কচুয়া, মোরেলগঞ্জ, রামপাল, শরণখোলা ও মোংলা উপজেলা থেকে আলাদা আলাদা পরিবহনে নেতাকর্মীরা রওনা হবেন।
সিরাজগঞ্জ ॥ আজ দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে সিরাজগঞ্জের ৯টি উপজেলার ১১ টি সাংগঠনিক থানা থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় এসেছেন। এ উপলক্ষে সিরাজগঞ্জ থেকে ৬০টি বাস, ১শ’টি মাইক্রোবাস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন প্রস্তুত রাখা হয়।
বুধবার জেলা বিএনপি জানায়, সিরাজগঞ্জের ১১টি থানা থেকে তৃণমূলে নেতাকর্মী ও সমর্থকসহ ৩০ হাজার লোক তাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নিতে ঢাকায় যাবে। জেলা বিএনপির (দপ্তর সম্পাদক) তানভীর মাহমুদ পলাশ বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ২ হাজার ৫০০ জন যাবে। ১৪০টি বাসের প্রতিটিতে ৭০ জন করে যাত্রা করবে। এছাড়া, বিভিন্ন এলাকা থেকে ন্যূনতম ১০০টি মাইক্রোবাসে আরও ১ হাজার এবং আলাদাভাবে আরও ৮ থেকে ৯ হাজার বিএনপি নেতাকর্মী সিরাজগঞ্জ জেলা থেকে ঢাকায় যাবে। সব মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী যাবে।
এ বিষয়ে বুধবার সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন প্রিয় নেতা তারেক রহমান। তাকে একনজর দেখতে ইতোমধ্যে জেলার নেতাকর্মীরা দলে দলে ঢাকায় যাত্রা শুরু করেছেন।
টাঙ্গাইল ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল সদরসহ জেলার ১২টি উপজেলা থেকে ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায় টাঙ্গাইল সদর উপজেলার নেতাকর্মীদের জন্য একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বাস, ট্রাক, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ধরনের পরিবহন প্রস্তুত রাখা হয়।
জেলা বিএনপি সূত্র জানায়, শুধু টাঙ্গাইল শহর থেকেই অন্তত ১০০টি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পুরো জেলা থেকে দুই শতাধিক বাস, শতাধিক মাইক্রোবাস ও অসংখ্য ব্যক্তিগত গাড়িতে করে নেতাকর্মীরা ঢাকায় আসার কথা। প্রিয় নেতাকে একনজর দেখার প্রত্যাশায় ইতোমধ্যে জেলা ও উপজেলার বহু নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে বাকিরা রওনা দেবেন বলে জানা গেছে।
টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, প্রতিটি উপজেলা থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি রয়েছে। সদরের জন্য একটি ট্রেন, শতাধিক বাস এবং অসংখ্য ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে ৮-১০টি বাস নেওয়া হয়েছে।
ভোলা ॥ তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ভোলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে ভোলা থেকে লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ঢাকায় অংশগ্রহণ করবেন। গত তিনদিন ধরে দলে দলে ঢাকায় যাচ্ছেন তারা। ভোলা জেলার ৭ উপজেলা থেকে বুধবার সন্ধ্যায় ১০টি লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নেতাকর্মীরা।
জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে ভোলা সদর উপজেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। জেলার অন্যান্য ৭ উপজেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। আজ রাতে ১০ টি লঞ্চ ভোলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে নেতাকর্মীদের নিয়ে যাত্রা করবেন। ঢাকায় যাওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে প্রস্তুতি সভা ও সাংগঠনিক কার্যক্রম চলে। বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষকদলও পৃথকভাবে ঢাকায় আসছে।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে ভোলার মনপুরা ও চরফ্যাসন উপজেলার ১০ হাজারের বেশি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার ঢাকার পথে রওনা করেন। সকাল থেকে বাস ও লঞ্চে ঢাকায় আসেন নেতাকর্মীরা।
রংপুর ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটছে আজ। এদিন রাজধানীর পূর্বাচলের ৩শ’ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে যোগ দিতে রংপুর মহানগরীসহ জেলার ৮ উপজেলা থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যেতে প্রস্তুতি নিয়েছেন।
বাস, মাইক্রোবাস, ট্রেন ও ব্যক্তিগত পরিবহনে ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন নেতাকর্মীরা। দলটির নেতারা জানান, ইতোমধ্যে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।
রংপুর জেলা ও মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, জেলার ছয়টি আসনে দল থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের প্রত্যেকে কমপক্ষে পাঁচ হাজার করে নেতাকর্মী ও সমর্থক নিয়ে ঢাকায় জমায়েত করার প্রস্তুতি সেরেছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে উপস্থিত হতে দুদিন আগে থেকেই বিভিন্ন উপজেলা থেকে সংসদ সদস্য প্রার্থীদের উদ্যোগে বাস, ট্রেন ও মাইক্রোবাসে করে কর্মী-সমর্থকরা ঢাকায় যেতে শুরু করেন। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের বেশিরভাগই দলবদ্ধভাবে যাচ্ছেন। ঢাকায় তাদের হোটেল ও মেসে থাকাসহ অন্যান্য ব্যয়ভার দলের নেতারা বহন করছেন।
জানা গেছে, রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর, কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ ও সদর উপজেলা বিএনপির পাশাপাশি মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে শতাধিক মিনিবাস, কোচ ও মাইক্রোবাসের পাশাপাশি বিশেষ ট্রেন ভাড়া করা হয়। এসব পরিবহনে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
রংপুর জেলা সভাপতি নাজমুল আলম নাজু বলেন, রংপুর জেলার ছয়টি আসন থেকে পাঁচ হাজার করে নেতাকর্মীর হিসাব ধরলে ৩০ হাজার হয়। আমরা ধরে নিয়েছি, রংপুর থেকে কমপক্ষে অর্ধ লক্ষাধিক নেতাকর্মী, সমর্থক ও ছাত্র-জনতা ঢাকার উদ্দেশ্যে যাবেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *