স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান

ব্যবহারকারীদের অজান্তেই গোপনে তথ্য সংগ্রহ করে থাকে স্পাইওয়্যার

স্পাইওয়্যার মূলত একধরনের ম্যালওয়্যার, যা ফোনের তথ্য চুরি করে হ্যাকারের কাছে পাঠাতে পারে। আর তাই স্মার্টফোনে আড়ি পাততে সক্ষম অ্যাপ বা স্পাইওয়্যারের সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করে থাকে সাইবার অপরাধীসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান। এবার স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম ‘জিরো ডে র‍্যাট’ নামের নতুন স্পাইওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইভেরিফাই।

আইভেরিফাইয়ের তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পাশাপাশি আইফোনেও সরাসরি নজরদারি করতে পারে জিরো ডে র‍্যাট স্পাইওয়্যার। ফলে দূর থেকেই ব্যবহারকারীরা ফোনে কী করছেন, তা জানার পাশাপাশি আদান-প্রদান করা বার্তা পড়াসহ অবস্থানের তথ্য সরাসরি গুগল ম্যাপসে দেখতে পারেন সাইবার অপরাধীরা। শুধু তা–ই নয়, ফোনে থাকা আর্থিক তথ্যও সংগ্রহ করতে পারে তারা।

আইভেরিফাইয়ের গবেষকদের দাবি, টেলিগ্রামে জিরো ডে র‍্যাট স্পাইওয়্যার বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। স্পাইওয়্যারটি সংক্রামিত ফোন পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ প্যানেল প্রদান করে, যা অ্যান্ড্রয়েড ৫ থেকে ১৬ এবং আইওএসের সর্বশেষ সংস্করণ ২৬ পর্যন্ত সমর্থন করে। ফলে সব ধরনের ফোন ব্যবহারকারীরা এই স্পাইওয়্যার হামলার ঝুঁকিতে রয়েছেন।

জিরো ডে র‍্যাট স্পাইওয়্যার কীভাবে ফোনে প্রবেশ করছে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি আইভেরিফাই। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সাধারণত বিভিন্ন অ্যাপের সঙ্গে ফোনে স্পাইওয়্যার প্রবেশ করে থাকে। আর তাই স্পাইওয়্যার থেকে নিরাপদ থাকতে অপরিচিত প্রতিষ্ঠানের অ্যাপ নামানোর আগে নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *