‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমার আদালত এ নির্দেশ দেন।
গত শুক্রবার কাসেমীর তৃতীয় স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তাঁর মামি কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলার ভিত্তিতে আজ বেলা তিনটার দিকে কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক কামাল উদ্দিন জানান, স্ত্রীর পক্ষে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামীকাল তাঁর জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, বিয়ের পর সংসার করা এবং পরে তালাক দেওয়ার পরও মামুনুর রশিদ কাসেমী পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে তামান্না হাতুনকে ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হেফাজতে রেখে ধর্ষণ করেন।

