কেরানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, কুপিয়ে ব্যাগ ছিনতাই

ছিনতাই

ঢাকার কেরানীগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও ধারালো ছুরি দিয়ে কুপিয়ে তাঁর কাছে থাকা একটি ব্যাগ ছিনতাই করা হয়েছে। গতকাল বুধবার রাতে কেরানীগঞ্জের বড় মনোহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বর্ণ ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন।

আহত স্বর্ণ ব্যবসায়ীর নাম ছানা (৫২)। তিনি কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া গ্রামের বাসিন্দা। কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় তাঁর একটি স্বর্ণের দোকান আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে আটিবাজারে দোকান বন্ধ করে ছানা বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁর সঙ্গে একটি ব্যাগ ছিল। রাত প্রায় পৌনে ১০টার দিকে বড় মনোহরিয়া এলাকার সামনের সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন এসে তাঁর পথ রোধ করে। একপর্যায়ে তারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তবে তিনি গুলিবিদ্ধ হননি। পরে তাঁকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাঁর কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে ওই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে ছানার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাকিব হোসেন বলেন, ‘হঠাৎ দুটি মোটরসাইকেলে চারজন এসে ওই ব্যক্তিকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আমরা গিয়ে তাঁকে উদ্ধার করি। ওই জায়গায় গুলির খোসা পড়ে থাকতে দেখেছি।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, দুর্বৃত্তরা ভেবেছিল, ওই ব্যবসায়ীর ব্যাগে স্বর্ণালংকার রয়েছে। কিন্তু পরে জানা গেছে, ব্যাগটিতে দোকানের চাবি ছাড়া অন্য কোনো মূল্যবান সামগ্রী ছিল না। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়া হলেও তিনি গুলিবিদ্ধ হননি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *