দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের সর্বোচ্চ পদটি শূন্য হলেও, গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে দলের শোক কর্মসূচি চলমান থাকায় এখনই তিনি ‘চেয়ারম্যান’ পদবি ব্যবহার করছেন না।

জানা গেছে, খালেদা জিয়ার প্রয়াণে বিএনপির ঘোষিত সাত দিনের শোক কর্মসূচি চলছে। এই কর্মসূচি শেষ হওয়ার পর দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিএনপি।

বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারায় সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। ওই ধারার উপধারা-২ অনুযায়ী, চেয়ারম্যানের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এই ধারা অনুযায়ী তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকেই তিনি এই দায়িত্ব পালন করে আসছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যে তিনি চেয়ারপারসন নির্বাচিত হন। এবার তাঁর প্রয়াণের মধ্য দিয়ে দলের নেতৃত্বে আনুষ্ঠানিক পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *