
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। গতকাল শনিবার পৃথক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
খালেদা জিয়ার আরোগ্য কামনায় আজ রোববার বিকেল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বলেও পূজা উদ্যাপন পরিষদের বিবৃতিতে জানানো হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় স্বার্থে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি আমরা।’
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও তাপস চন্দ্র পাল বিবৃতিতে স্বাক্ষর করেন।


