বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলটিতে যুক্ত হন। এ সময় তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ড. রেজা কিবরিয়া জানান, তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে ধানের শীষ প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘বিএনপিতে যোগ দিতে আমি আগ্রহী ছিলাম। কারণ এই দল দেশের গণতন্ত্র দুইবার রক্ষা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শ। এত বছর পরেও তিনি রাজনীতিতে এখনো জনপ্রিয়।’

বিএনপির নেতৃত্বসহ তরুণ প্রজন্মের প্রতি আস্থা জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপির বর্তমান নেতৃত্ব তরুণদের স্বপ্ন পূরণে সক্ষম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের ধারা বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করছেন। নতুন বাংলাদেশ গড়তে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।’

তারেক রহমানের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি বিদেশে আছেন, এটি দুঃখজনক। তবে বিদেশে থেকে যে অভিজ্ঞতা তিনি পেয়েছেন, দেশে ফিরে তা দেশের উন্নয়নে কাজে লাগবে।’

ড. রেজা কিবরিয়া বলেন, দেশের মানুষের কাজের মান খুবই ভালো। দক্ষতা বাড়াতে কাজ করা হলে দেশ আরও এগিয়ে যাবে। নিজ এলাকার পাশাপাশি দেশের জন্য কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *