খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, নতুন মেডিকেল বোর্ড গঠন

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, নতুন মেডিকেল বোর্ড গঠন

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হালনাগাদ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে নতুন একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

 

মিন্টু বলেন, *খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে*, তবে তার সব চিকিৎসা ও সিদ্ধান্ত নতুন বোর্ডের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি ও অগ্ন্যাশয়ের জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার গভীর রাতে তার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন সহায়তা দেওয়া হচ্ছে। হাত-পা নড়াচড়া করতে পারছেন এবং সামান্য কথাও বলেছেন। শরীর ক্রিয়াশীল থাকলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন। বিশেষ করে হৃদযন্ত্র ও অগ্ন্যাশয়ের জটিলতা তার অবস্থা আরও কঠিন করে তুলেছে।

বিদেশে নেওয়ার প্রস্তুতি
পরিবার ও বিএনপি নেতারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রয়োজন হলে এবং চিকিৎসকরা উপযুক্ত মনে করলে তাকে বিদেশে নেওয়া হবে। এরই মধ্যে ভিসা, সম্ভাব্য হাসপাতাল, একাধিক দেশের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি নিয়ে কাজ চলছে।

লন্ডনের লন্ডন ক্লিনিক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনসসহ বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা অনলাইনে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত রয়েছেন। পরিবারের পক্ষ থেকে লন্ডন বা সিঙ্গাপুর নেওয়ার আগ্রহ আছে। পাশাপাশি চীনের পক্ষ থেকেও চিকিৎসা সহায়তা ও তাকে সে দেশে নেওয়ার প্রস্তাব রয়েছে। কুয়েত, সিঙ্গাপুর ও কাতারের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স বিষয়ে যোগাযোগ চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রম তদারক করছেন বলে জানিয়েছেন দলের নেতারা। তার উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে লিখেছেন, খালেদা জিয়ার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

 

হাসপাতালে ভিড় না করার অনুরোধ
খালেদা জিয়ার অসুস্থতার খবরে এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়ায় হাসপাতালের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে দলের পক্ষ থেকে হাসপাতাল এলাকায় ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, “সময়ে সময়ে খবর জানানো হবে, দয়া করে হাসপাতালে ভিড় করবেন না।”

আরোগ্য কামনায় দোয়া
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শনিবার সারাদেশে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও দোয়া কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিরাও হাসপাতালে খোঁজখবর নেন এবং সামাজিক মাধ্যমে তার সুস্থতা কামনা করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *