ইউরেনাসের উপগ্রহ মিরান্ডায় ছিল গভীর মহাসাগর

ইউরেনাস গ্রহ

সৌরজগতের অন্যতম রহস্যময় উপগ্রহ হচ্ছে ইউরেনাসের মিরান্ডা। আকারে ছোট হলেও উপগ্রহটির উপরিভাগের গঠন বিজ্ঞানীদের দীর্ঘদিন ধরে ভাবাচ্ছে। সম্প্রতি দ্য প্ল্যানেটারি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, মিরান্ডার বরফাবৃত পৃষ্ঠের নিচে একসময় ১০০ কিলোমিটারের বেশি গভীর মহাসাগর ছিল।

১৯৮৬ সালে নাসার পাঠানো ভয়েজার–২ মহাকাশযান যখন মিরান্ডার পাশ দিয়ে উড়ে যায়, তখন এর পৃষ্ঠতলে অদ্ভুত সব ক্ষতচিহ্ন দেখা গিয়েছিল। বিশালাকার চ্যুতি বা ফাটল আর করোনা নামে পরিচিত তিনটি বিশালাকার খাঁজকাটা অঞ্চল মিরান্ডাকে সৌরজগতের অন্যান্য উপগ্রহ থেকে আলাদা করেছে। বিজ্ঞানীরা এই ভূতাত্ত্বিক মানচিত্র ও কম্পিউটার মডেল ব্যবহার করে দেখার চেষ্টা করেছেন যে এই কাঠামো কীভাবে তৈরি হওয়া সম্ভব।

গবেষণায় মিরান্ডার দক্ষিণ গোলার্ধের দুটি প্রধান অঞ্চল আর্ডেন করোনা ও এলসিনোর করোনা বিশ্লেষণ করা হয়েছে। আর্ডেন অঞ্চলে মূলত ফাটল বা প্রসারণের চিহ্ন দেখা যায়। অন্যদিকে এলসিনোর অঞ্চলে দেখা যায় সংকোচন বা ভাঁজ পড়া ভূখণ্ড।

কম্পিউটার সিমুলেশনের তথ্য অনুযায়ী, মিরান্ডার বরফের আস্তরণের পুরুত্ব ৩০ কিলোমিটারের কম হতে পারে। বরফের আস্তরণ এর চেয়ে বেশি পুরু হলে পৃষ্ঠতলে এমন বিশালাকার ফাটল তৈরি হতো না। বিভিন্ন মডেল ইঙ্গিত দিচ্ছে, ১০ থেকে ৫০ কোটি বছর আগে মিরান্ডার বরফের নিচে একটি ১০০ কিলোমিটার গভীর মহাসাগর ছিল। মহাজাগতিক সময়ের হিসেবে এটি অত্যন্ত নিকট অতীত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *