
ঢাকার বাইরে রাজশাহীতে নতুন সিনেমার শুটিং করছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ‘মালিক’ নামের সিনেমাটির কাজ এখনো চলমান, যদিও অফিসিয়াল ঘোষণা হয়নি। সামাজিক মাধ্যমে ছবির শুটিংয়ের কিছু দৃশ্য ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে।
শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভ অগ্নিদগ্ধ হন। দৃশ্যে তার পায়ের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু শুটিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে শিখা উঁচু হয়ে যায়। প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ, কিন্তু তীব্র তাপে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। শুটিং ইউনিট তখন এগিয়ে এসে আগুন নেভায়।
আগুন নিভে গেলেও তার পায়ে দগ্ধচিহ্ন ও ক্ষত তৈরি হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরিচালক সাইফ চন্দন শুট বন্ধের সিদ্ধান্ত নিলেও আরিফিন শুভ কাজের জন্য পিছু হটেননি। ক্ষত নিয়েই তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ শেষ করেছেন।
বর্তমানে আরিফিন শুভ আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। চলতি মাসের শেষ পর্যন্ত তিনি টানা শুটিং করবেন, তারপর ঢাকায় ফিরবেন। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, এবং ছবিটি ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত।


