হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার, তদন্তে নতুন অগ্রগতি

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার, তদন্তে নতুন অগ্রগতি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই মোটরসাইকেলের মালিক হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করার পর মালিকের অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয় এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছিল ডিএমপি।

হামলায় গুরুতর আহত শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। সর্বশেষ তথ্যে জানা গেছে, তিনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে আছেন এবং যন্ত্রের সহায়তায় শ্বাস নিচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও দলের প্রার্থী ডা. মাহমুদা মিতু শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। দুপুর আনুমানিক আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি একটি রিকশায় করে যাচ্ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *