ঘুস নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

ঘুস নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের সাবেক জেনারেল ম্যানেজার বাই তিয়ানহুইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন সরকার। জেনারেল ম্যানেজার থাকাকালীন প্রায় ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার (১৬ কোটি ডলার) ঘুষ নেওয়ার অভিযোগে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছিলেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সেই রায় কার্যকর করা হয় বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে।

গুরুতর অপরাধ ও রায় বহাল
জানা যায়, বাই তিয়ানহুই ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন প্রকল্প অধিগ্রহণ এবং অর্থায়নে সুবিধা দেওয়ার বিনিময়ে এই বিপুল পরিমাণ অর্থ ঘুষ হিসেবে গ্রহণ করেন।

চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট রিভিউ শেষে এই রায় বহাল রাখে এবং জানায় যে বাই-এর অপরাধ ছিল ‘অত্যন্ত গুরুতর’।

সাধারণত চীনে দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ড দুই বছরের স্থগিতাদেশসহ দেওয়া হয়, যা পরে আজীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। কিন্তু বাই-এর ক্ষেত্রে ২০২৪ সালের মে মাসে দেওয়া রায়ে কোনো স্থগিতাদেশ রাখা হয়নি।

তিনি রায়ের বিরুদ্ধে আপিল করলেও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তা খারিজ হয়ে যায়।

সুপ্রিম কোর্টের ভাষ্যে, “বাই বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ করেছেন। তার অপরাধের পরিস্থিতি ছিল বিশেষভাবে গুরুতর। এতে সামাজিক প্রভাব ছিল অত্যন্ত নিন্দনীয় এবং রাষ্ট্র ও জনগণের স্বার্থে বিশেষভাবে গুরুতর ক্ষতি হয়েছে।”

শেষ সাক্ষাৎ ও কোম্পানির পরিস্থিতি
সিসিটিভি জানায়, মঙ্গলবার সকালে তিয়ানজিনে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে বাই তিয়ানহুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, বাইয়ের ওই কোম্পানি হুয়ারংয়ের আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও দুর্নীতিবিরোধী তদন্তে ধরা পড়েছেন। তাদের ভাগ্যে কী আছে, তা নিয়ে জল্পনা চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *