
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে স্মৃতিফলক প্রাঙ্গণ হয়ে ওঠে স্মরণ ও কৃতজ্ঞতার আবেগে গাথাঁ। ফুলে ফুলে ভরে উঠে স্মৃতিস্তম্ভ।
পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হামিদ মোল্লা, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি মাহবুব, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ শরীফ উল্যাহ ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাছির উদ্দিন জুয়েল প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে সকালে শহরের সুপার মার্কেট এলাকা থেকে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা হয়। মুক্তিযুদ্ধের চেতনা, ত্যাগ ও অর্জন নিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।
মুন্সীগঞ্জবাসীর কাছে দিনটি স্মরণ করে দেয় স্বাধীনতার জন্য বীরদের অসীম আত্মত্যাগ ও দেশের প্রতি তাদের গভীর ভালোবাসার কথা।


