সাতকানিয়া কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবু বকর মেম্বারবাড়ি এলাকায় নিজ বসতঘর থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রীর নাম ইবনাত চৌধুরী (১৯)। তিনি ওই এলাকার আবু বোরহান মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর মেয়ে। সাতকানিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, ইবনাত নামের ওই কলেজছাত্রীর মা তাঁদের পরিবার থেকে আলাদা থাকেন। ওই কলেজছাত্রী তাঁর সৎমা ও বাবার সঙ্গে থাকতেন। গতকাল বিকেলে তিনি নিজের শোবার ঘরে ছিলেন। ইফতারের সময় পরিবারের সদস্যরা তাঁকে ডাকতে কক্ষে যান। এ সময় দেখেন বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ ঝুলছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

জানতে চাইলে সাতকানিয়া থানার উপপরিদর্শক মামুন হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হতাশার কারণে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *