চীনে বসন্ত উৎসবের ছুটিতে দেখা মিলল একাধিক নতুন এআই মডেলের

নতুন এআই মডেল তৈরি করেছে চীনের একাধিক প্রতিষ্ঠান

গতকাল রোববার থেকে চীনে শুরু হয়েছে লুনার নিউ ইয়ারের (বসন্ত উৎসব) ছুটি। গত বছর ঠিক এই সময় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘আর-১’ এবং ‘ভি-৩’ মডেল উন্মুক্ত করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল ডিপসিক। ডিপসিকের সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এ বছর লুনার নিউ ইয়ারের ছুটিতে চীনের একাধিক প্রতিষ্ঠান নিজেদের এআই মডেল বাজারে আনার প্রতিযোগিতায় নেমেছে

টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান বাইটড্যান্স উন্মোচন করেছে ‘ডুবাও ২.০’ চ্যাটবট। প্রতিষ্ঠানটির দাবি, চ্যাটবটটি ওপেনএআইয়ের জিপিটি ৫.২ এবং গুগলের জেমিনি ৩ প্রোর সমকক্ষ। কোয়েস্ট মুঠোফোনের তথ্য অনুযায়ী, সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর দিক থেকে ডুবাও বর্তমানে চীনের সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট। এ ছাড়া তাদের ভিডিও জেনারেটর মডেল সিড্যান্স ২.০ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

গত বছর ডিপসিকের উত্থানের পর আলিবাবাই প্রথম ‘কিউওয়েন ২.৫-ম্যাক্স’ অ্যাপের মাধ্যমে পাল্টা জবাব দিয়েছিল। এবার ‘কিউওয়েন ৩.৫’ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে অ্যাপটির প্রচারণায় আলিবাবা প্রায় ৪০ কোটি ডলার খরচও করেছে।

ঝিপু ও মিনিম্যাক্স চীনের এআই টাইগার হিসেবে পরিচিত। ঝিপু তাদের ওপেন-সোর্স মডেল জিএলএম-৫ উন্মোচন করেছে, যা কোডিং এবং দীর্ঘমেয়াদি এআই এজেন্ট টাস্কে অত্যন্ত দক্ষ। অন্যদিকে মিনিম্যাক্স তাদের এম২.৫ মডেল নিয়ে এসেছে।
অন্যান্য মডেলগুলোর মধ্যে টেনসেন্টের এইচওয়াই-১.৮বি-২বিট অন্যতম। এআই মডেলটি সাধারণ মুঠোফোনেও ব্যবহার করা যায়। আইফ্লাইটেক এনেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উপযোগী নতুন মডেল স্পার্ক এক্স২। নেটইজ ইউডাও লবস্টারএআই নামে একটি এআই অ্যাসিস্ট্যান্ট এনেছে, যা দ্রুত তথ্য সংগ্রহ ও তথ্য পর্যালোচনা করতে পারে। রোবটিকস এবং স্বয়ংক্রিয় যানবাহনের জন্য ডিএমও নামের একটি বিশেষ এআই মডেল উন্মোচন করেছে ডেক্সমাল।

বসন্ত উৎসবের ছুটিতে ব্যবহারকারীদের নজর কাড়তে বসে নেই ডিপসেকও। নিজেদের পরবর্তী প্রজন্মের মডেল ‘ভি-৪’ উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, ভি-৪ মডেলটি গত বছরের ভি-৩ মডেলের মতোই জনপ্রিয়তা পাবে।

সূত্র: রয়টার্স

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *