গুলিবিদ্ধ হাদি: আইসিইউতে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে চলছে জীবন রক্ষার লড়াই

মাথায় গুলি লাগার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদি।

ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান হাদির সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বলেন, “হাদির অবস্থা খুবই খারাপ। ক্রিটিক্যাল বলা যা বোঝায় ঠিক তাই। হাসপাতালে আনার সময়ও তার ‘সাইন অফ লাইফ’ ছিল। অপারেশনের সময় আমাদের এনেসথেশিয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার নিজস্ব শ্বাসপ্রশ্বাসের শক্তি এখনও আছে।”

ডা. জাহিদ আরও জানান, অপারেশনের সময় হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। “নাক ও মুখের মাধ্যমে রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা রোগীর ব্যাপারে কোনো আশার কথা বলব না, তবে তিনি এখনও বেঁচে আছেন। বাকিটা আল্লাহর ইচ্ছা।” তিনি জানান, হাদিকে লাইফ সাপোর্টে স্থানান্তর করার জন্য পরিবারের পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসকরা ধারণা করছেন, গুলি হাদির মাথার একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়েছে। ডা. জাহিদ বলেন, “বুলেট যদি ভেতরে থেকে যেত, আমরা ধরতাম মগজের ভেতরে আছে। এটি মগজের সেন্টার পয়েন্টে ছিল। সরাসরি সেখানে অ্যাপ্রোচ করার প্রয়োজন নেই। তবে গুলির কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতরে থেকে গেছে। অপারেশনের সময় আমরা এগুলো সংগ্রহ করেছি, খুব ছোট ছোট অংশ।”

এর আগে, গতকাল দুপুরে বিজয়নগরের অটোরিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তরা হাদির মাথায় গুলি চালায়। এরপর তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলে অপারেশন করা হয়। পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরিবারের সিদ্ধান্তে বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *