স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

আজিজুর রহমান মোসাব্বির

রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আজিজুর রহমান মোসাব্বির (৪৫)। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
বুধবার রাত ৮টা ৪০ মিনিটে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন, তার নাম মাসুদ রানা (৪২) কাওরানবাজার রিকশা শ্রমিক ও ভ্যান মালিক ইউনিয়নের সভাপতি।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন।
পুলিশ বলছে, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, বুধবার রাত আটটার দিকে কাওরান বাজারে বসুন্ধরা সিটি শপিংমলের পেছনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের পান্থপথের বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুলিবিদ্ধ মোসাব্বির ঘটনাস্থলেই মারা গেছেন। অপর আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার নাম মাসুদ রানা কাওরান বাজার রিকশা শ্রমিক ও ভ্যান মালিক ইউনিয়নের সভাপতি। তাকে জরুরি ভিত্তিতে বিআরবি হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ মিলন জানান, রাত ৮টার দিকে কাওরান বাজারের স্টার গলিতে তারা দু’জন চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তেজগাঁও থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা রয়েছেন। তারা বিষয়টি দেখছেন।
এদিকে মোসাব্বিরের মৃত্যুর খবর পেয়ে বিআরবি হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবক দলের অনুসারীরা ভিড় করছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *