সৌদি আরবে পবিত্র রমজানে স্কুল খোলা ১১ দিন, নতুন সময়সূচি ঘোষণা

পবিত্র রজমানে শুরুর প্রায় অর্ধেক মাস স্কুল খোলা থাকবে সৌদি আরবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি ছাড়া পবিত্র রমজানে ক্লাস চলবে ১১ দিন। সম্প্রতি দেশটির শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত চলতি ২০২৬ সালের রমজানের স্কুলসূচি থেকে এমনটাই জানা গেছে।

তবে রমজান শুরুর যে ১১ দিন স্কুল খোলা থাকবে, সেসব দিনে স্বাভাবিক সূচির চেয়ে স্কুলের সময় বা স্কুলটাইম হবে কম। এই সময়ে শিক্ষা খাতের সব কর্মচারীর দৈনিক কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

প্রখর তাপপ্রবণ দেশটিতে সাধারণত শীতকালে পৌনে সাতটায় ও গ্রীষ্মকালে সকাল সোয়া সাতটায় স্কুল শুরু হয়। তবে রমজানের এই ১১ দিন স্কুল শুরু হবে সকাল ৯টা থেকে। ৫ মার্চ পর্যন্ত এই সূচিতেই চলবে স্কুলের শিক্ষা কার্যক্রম। এরপরে রমজান এবং ঈদুল ফিতরের ছুটি শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত চলবে। তারপর গ্রীষ্মকালীন স্কুলের সময় অনুসারে পড়াশোনা শুরু হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।

রমজানে সৌদি আরবে স্কুল শুরু সকাল ৯টা–১০টার মধ্যে

পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের শিক্ষা বিভাগ স্কুলের সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে। বেশ কয়েকটি এলাকায় সকাল ৯টায় ক্লাস শুরু হবে, কিছু এলাকায় সকাল সাড়ে ৯টায় আবার কিছু এলাকায় ১০টায় পাঠদান শুরু হবে। এই পরিবর্তনগুলো শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ এবং পবিত্র মাসের বিশেষ আধ্যাত্মিক পরিবেশ ও দৈনন্দিন জীবনযাত্রার ছন্দ বিবেচনায় নেওয়া হয়েছে।

কাসিম অঞ্চলের শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি স্কুলে পাঠদান সকাল ১০টায় শুরু হবে। মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে সাড়ে ৯টা থেকে। শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের প্রথম ক্লাস শুরুর ১৫ মিনিট আগে উপস্থিত থাকতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।

একইভাবে মক্কা অঞ্চলের শিক্ষা অধিদপ্তর জানিয়েছে সকাল বেলার স্কুলগুলো সকাল ৯টায় শুরু হবে। রমজান মাসে সব কর্মীর সরকারি কর্মঘণ্টা প্রতিদিন পাঁচ ঘণ্টা হবে। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে অফিস।

দেশটির শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রোজা পালনের পরিস্থিতি বিবেচনায় রেখে শিক্ষা দায়িত্ব ও রমজানের আনুষ্ঠানিকতা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে অনুমোদিত সময়সূচি মেনে চলার এবং বৃহত্তর শিক্ষা সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে পাঠদান নির্বিঘ্ন রাখা ও সর্বোচ্চ একাডেমিক মান ও শৃঙ্খলা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

রিয়াদের শিক্ষা বিভাগ জানিয়েছে, সকাল বেলার ক্লাস শুরু হবে সকাল ৯টা থেকে। আল-বাহা অঞ্চলের শিক্ষা মহাপরিচালক আবদুল খালিক আল-জাহরানি জানিয়েছেন, সরকারি ও বেসরকারি স্কুল এবং কিন্ডারগার্টেনে রমজান মাসে প্রতিটি ক্লাসের সময় হবে ৩৫ মিনিট করে। তথ্যসূত্র: সৌদি গেজেট

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *