বুড়িগঙ্গা নদীর বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া নারী ও শিশুসহ অজ্ঞাত চারজনের লাশ ১১ দিন পর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোক্তার হোসেন।
মঙ্গলবার বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গ কর্তৃপক্ষ লাশগুলো দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর কাছে হস্তান্তর করে। পরে সংস্থাটি লাশগুলো দাফনের ব্যবস্থা গ্রহণ করে।
হাসপাতালের ডোম শ্যামল লাল জানান, গত ২৩ আগস্ট চারজনের লাশ মর্গে নিয়ে আসা হয় এবং পরদিন ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এরপর থেকে ১১ দিন ধরে সেগুলো পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে সংরক্ষিত ছিল। এতদিনে কোনো স্বজন খোঁজ নিতে না আসায় আজ দুপুরে লাশগুলো দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোক্তার হোসেন ইত্তেফাককে বলেন, নিহত চার লাশের সন্ধানে তাঁদের কোন স্বজন আসেননি। টানা ১১ দিনেও তাদের পরিচয় মেলেনি। তাই আজ মঙ্গলবার দুপুরে লাশগুলো দাফনের জন্যে আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে।


