নতুন বছরে ব্রাজিল থেকে সুখবর পেলেন নেইমার

অবশেষে অবসান হলো দীর্ঘ জল্পনা-কল্পনার। সেইসঙ্গে নতুন বছরেই সুখবর পেয়েছেন নেইমার। বুধবার (৩১ ডিসেম্বর) ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস তার সঙ্গে চুক্তি নবায়ন চূড়ান্ত করেছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজের শৈশবের ক্লাবেই থাকছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

সান্তোসে ফেরার পর এটি নেইমারের সঙ্গে করা তৃতীয় চুক্তি। এর আগে ২০২৫ সালে তার সঙ্গে ছয় মাস করে দুবার চুক্তি করেছে ভিলা বেলমিরোর ক্লাবটি। এবারের চুক্তি এক বছরের জন্য। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’।

সান্তোসের সূত্রের বরাত দিয়ে ‘গ্লোবো’ জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সান্তোসের ১০ নম্বর জার্সিধারীর (নেইমার) নতুন চুক্তির ঘোষণা দেওয়া হবে। এ চুক্তির মাধ্যমে ক্লাব সভাপতি মার্সেলো তেইসেইরার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সান্তোসেই থাকবেন নেইমার।

নেইমারের আগের চুক্তির মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। ক্লাব পরিচালনা পর্ষদ ধারণা করেছিল, শেষ মুহূর্ত পর্যন্ত গড়াতে পারে দুই পক্ষের আলোচনা। শেষ পর্যন্ত হয়েছেও তাই। সান্তোস প্রতি মাসে চার–পাঁচজন সাধারণ মানের খেলোয়াড়ের সমান বেতন দেয় নেইমারকে।

খেলোয়াড়ি চুক্তির পাশাপাশি নেইমারের ইমেজ স্বত্ব নিয়ে তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের সঙ্গে সান্তোসের আলাদা চুক্তিও রয়েছে। এই চুক্তি আর্থিক অঙ্কে ৮ কোটি ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল, যা আগামী বছরের শেষ নাগাদ সান্তোসের পরিশোধ করার কথা।

সদ্য শেষ হওয়া মৌসুমে নেইমারের কল্যাণেই ব্রাজিলিয়ান শীর্ষ লিগ থেকে অবনমন ঠেকিয়েছে সান্তোস। এমনকি দলের অবনমন ঠেকানো নিশ্চিত করতে শেষ তিন ম্যাচে চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নেন নেইমার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *