কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের মামলায় প্রধান আসামি আল আমিন ১০ দিনের রিমান্ডে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওই মাদ্রাসার পরিচালক ও প্রধান আসামি আল আমিনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার আসামিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. মাহবুবুর রহমান আবেদন মঞ্জুর করেন।

ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হাসনাবাদ হাউজিং এলাকার ওই মাদ্রাসা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের চারপাশের দেয়াল ও ছাদের একাংশ ধসে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।

দুই দিনব্যাপী ওই অভিযানে আল-আমিনের ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার উপকরণের মধ্যে রয়েছে হাইড্রোজেন পার-অক্সাইড, এসিটোন, নাইট্রিক অ্যাসিড ও ৪০০ লিটার তরল রাসায়নিক। এ ছাড়া কালো প্লাস্টিকে মোড়ানো ৯টি তাজা ককটেলও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম লিটন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় সাতজনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *