কেরানীগঞ্জে কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত, তিনজন দগ্ধ

ঢাকার কেরানীগঞ্জে এয়ার ফ্রেশনার কারখানায় বিস্ফোরণের পর উদ্ধার অভিযান চালান ফায়ারসার্ভিসের সদস্যরা। সোমবার দুপুরে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদাবাগ নিউ টাউন সিটি এলাকায়

ঢাকার কেরানীগঞ্জে একটি এয়ার ফ্রেশনার কারখানায় বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিন শ্রমিক। সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের গদাবাগ নিউ টাউন সিটি এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত শ্রমিকের নাম সাব্বির রহমান (২২)। তিনি পাবনা জেলার সদর থানার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। আহত শ্রমিকদের নাম ও পরিচয় জানা যায়নি।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন আগে কারখানাটি চালু করা হয়। প্রতিদিনের মতো সোমবার সকাল থেকে শ্রমিকেরা কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। এরপর কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ অবস্থায় চার শ্রমিককে উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কারখানাটিতে এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত রাসায়নিক ও গ্যাস সিলিন্ডার মজুত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক দ্রব্য ও সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

কারখানাটি স্থানীয় রবিউল ইসলাম নামের এক ব্যক্তির মালিকানাধীন। নাম প্রকাশ না করার শর্তে নিউ টাউন সিটি এলাকার এক বাসিন্দা জানান, এলাকাটি মূলত আবাসিক। এখানে এ ধরনের ঝুঁকিপূর্ণ কারখানা স্থাপন করা বিপজ্জনক। আগুন যদি আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক বলেন, কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারখানাটির নিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় সনদ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *