
লন্ডনের বিখ্যাত স্টামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে চেলসি ও আর্সেনালের ম্যাচে বল দখলের লড়াই
অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের ফুটবলপ্রেমীদের জন্য আসছে দারুণ উপলক্ষ। শুরুর অপেক্ষায় লাতিন বাংলা সুপার কাপ। ব্রাজিল, আর্জেন্টিনা এবং স্বাগতিক বাংলাদেশÑ এই তিন দেশের তিনটি ফুটবল দলকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আজ সকালে ঢাকায় পা রাখবে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব। বুধবার আসবে আর্জেন্টিনার অ্যাটলেটিকো চার্লোন ক্লাব।
সুপার কাপের সব ক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ৫ ডিসেম্বর হবে সাও বার্নার্দো ও ফিউচার স্টার বাংলাদেশ, ৮ ডিসেম্বর অ্যাটলেটিকো চার্লোন ও ফিউচার স্টার বাংলাদেশ এবং ১১ ডিসেম্বর ব্রাজিলের সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অ্যাটলেটিকো চার্লোন লড়াই। এই আসরের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তিÑ ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক সাবেক তারকা কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড দিয়াগো ম্যারাডোনা সতীর্থ ক্যানিজিয়া। তারা দুজনই টুর্নামেন্টের শেষ দিন অর্থাৎ ১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।
আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান জানিয়েছেন, ভাগ্যবান দর্শকরা এই কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। তিনি বলেন, ‘যারা টিকিট কেটে মাঠে আসবেন, সেই সব গ্যালারির দর্শকদের মধ্যে থেকে প্রতিদিন আমরা লটারির মাধ্যমে ১০ জনকে নির্বাচন করব। শেষ দিন কাফু এবং ক্যানিজিয়া যখন মাঠে আসবেন, সেদিন সেই সব দর্শকরা কাফু এবং ক্যানিজিয়ার সঙ্গে দেখা করার, ছবি তোলার সুযোগ পাবেন।’ ফুটবলের পাশাপাশি দর্শকদের বাড়তি আনন্দ দিতে থাকছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি নগর বাউল জেমস এই আয়োজনে চমক হিসেবে থাকার কথা রয়েছে।


