
ওসমান হাদি
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮-আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডা. আহাদ ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি দেশে থাকা তার মেডিক্যাল টিমের এক সদস্যও এ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এদিকে তার মৃত্যুর খবরে দেশজুড়ে শোকাবহ পরিস্থিতি তৈরি হয়।
গত কয়েক দিন ধরেই ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ ছিলেন ওসমান হাদি। সর্বশেষ সিঙ্গাপুরে তার অস্ত্রোপচারের জন্য পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছিল।
এর আগে গত বুধবার সিঙ্গাপুরের হাসপাতালে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিক্সায় করে যাওয়ার সময় হাদিকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।


