২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান!

২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বলে জানা গেছে। দেশে ফিরে তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। গত ৩ নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন।

বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক প্রার্থীরা ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করার সুযোগ পাবেন।

তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করলেও এখনো পর্যন্ত তিনি ভোটার হননি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার হয়ে প্রার্থী হতে গেলে তাকে অবশ্যই ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে ভোটার হওয়ার জন্য কমিশনে আবেদন করতে হবে।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে তিনি বলেন, কমিশন চাইলে তাঁর ভোটার হতে কোনো আইনি বাধা নেই।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী কমিশন যেকোনো সময় ভোটারযোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে:

ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারায় স্পষ্ট বলা আছে: `কমিশন যে কোনো সময় কোন ভোটার তালিকায় উহাতে অন্তর্ভুক্ত হওয়ার অধিকার কোন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে পারবে।`

১৭ ধারায় আরও বলা আছে: `কমিশনের সিদ্ধান্ত বাংলাদেশের কোন আদালতে প্রশ্ন করা যাবে না।`

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরেই ভোটার হওয়ার জন্য আবেদন করলে, কমিশন চাইলে তাঁকে যেকোনো সময় ভোটার করতে পারে।

লন্ডন সূত্রে জানা গেছে, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, সেহেতু তারেক রহমান যেকোনো সময়ে দেশে ফিরবেন। মহান বিজয় দিবসে দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও চলতি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ২৯ ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরছেন বলে তাঁর আস্থাভাজন একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন। সেই লক্ষ্যে তারেক রহমানের সফরসঙ্গীরাও প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে তারেক রহমান সপরিবারে লন্ডনে অবস্থান করছেন এবং সেখান থেকে ভার্চ্যুয়ালি বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতিমধ্যে দেশে অবস্থান করছেন এবং তিনি ভোটারও হয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *