নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে ন্যায্য সুযোগ পাবে, প্রত্যাশা জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নারী দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন শফিকুর রহমান।

পোস্টে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে, কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতনবৈষম্য দূর হবে এবং সমাজের প্রতিটি নারী নিরাপত্তা ও মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। একই সাথে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। আমরা বিশ্বাস করি, নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে।’

ধর্ম, মত ও সম্প্রদায়নির্বিশেষ দেশের প্রত্যেক নারী আমাদের সম্মান ও সহযোগিতার দাবিদার উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘এটিই মহান আল্লাহ–তাআলার বিধান। আসুন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি নারী নিরাপদ, সম্মানিত ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *