যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাত ঘিরে সাম্প্রতিক সময়ে সংকটের কথা যতটা আলোচিত হচ্ছে, বাস্তব চিত্র ততটা নেতিবাচক নয়—এমনটাই উঠে এসেছে বিভিন্ন পরিসংখ্যান ও জরিপে। রাজনৈতিক চাপ, নীতিগত অনিশ্চয়তা ও প্রশাসনিক সংস্কারের মধ্যেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও গবেষণা খাতের প্রতি জনগণের আস্থা এখনো দৃঢ় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি বিরল দ্বিদলীয় ঐকমত্যের মাধ্যমে মার্কিন কংগ্রেস বিজ্ঞানভিত্তিক গবেষণা সংস্থাগুলোর বাজেট প্রায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন ও ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর বরাদ্দ বজায় রাখা হয়েছে, যদিও হোয়াইট হাউসের প্রস্তাবে এসব বাজেটে বড় ধরনের কাটছাঁটের পরিকল্পনা ছিল।
ভর্তি ও আবেদন বেড়েছে
ন্যাশনাল স্টুডেন্ট ক্লিয়ারিংহাউসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শরৎ সেমিস্টারে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় ভর্তি বেড়েছে প্রায় ২ শতাংশ, যা মহামারির আগের সময়ের কাছাকাছি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—কমিউনিটি কলেজগুলোতে ভর্তি বেড়েছে ৪ শতাংশ। এই বৃদ্ধির পেছনে যেমন ১৮ বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি ভূমিকা রেখেছে, তেমনি ২৫ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আর্থিক সহায়তায় উন্নতি
২০২৫ সালে গ্র্যান্ট-যোগ্য শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, সময়মতো ও সহজতর FAFSA ফর্ম চালুর ফলেই এই প্রবণতা দেখা গেছে। ন্যাশনাল কলেজ অ্যাটেইনমেন্ট নেটওয়ার্ক জানিয়েছে, শিক্ষাঋণ ও আর্থিক সহায়তার আবেদনে ১৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
একই সঙ্গে উচ্চশিক্ষায় দান ও দাতব্য সহায়তার বড় উদাহরণ তৈরি করেছেন ম্যাকেঞ্জি স্কট। তাঁর উচ্চশিক্ষা খাতে অনুদান ইতিমধ্যে এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যার বড় অংশ ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো (HBCU) পেয়েছে।

স্নাতক সম্পন্নের হার স্থিতিশীল
ছয় বছরের মধ্যে কলেজ সম্পন্ন করার হার ২০২৫ সালেও ৬১ দশমিক ১ শতাংশে স্থিতিশীল রয়েছে। মহামারি-পরবর্তী বাস্তবতা, ব্যয়-সুবিধা বিশ্লেষণ এবং ডিগ্রির মূল্য নিয়ে বিতর্কের মধ্যেও এই হার ধরে রাখাকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাবিদেরা।
টিউশন ফি কমছে
কলেজ বোর্ডের তথ্য অনুযায়ী, সরকারি চার বছর মেয়াদি প্রতিষ্ঠানে নেট টিউশন ফি ২০১২-১৩ সালে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর ধারাবাহিকভাবে কমছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা নেমে এসেছে প্রায় ২ হাজার ৩০০ ডলারে। রাজ্য সরকারগুলোর আর্থিক সহায়তাও বাড়ছে। ২০২৫ সালে রাজ্য পর্যায়ে উচ্চশিক্ষায় মোট বরাদ্দ বেড়েছে আনুমানিক ৪ দশমিক ৩ শতাংশ।
রাজনৈতিক বিতর্ক ও নীতিগত টানাপোড়েন সত্ত্বেও যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থা এখনো শিক্ষার্থী, অভিভাবক, নিয়োগকর্তা ও রাজ্য সরকারের সমর্থন পাচ্ছে। আবেদন, ভর্তি, অর্থায়ন ও আস্থার পরিসংখ্যান বলছে, ‘উচ্চশিক্ষার সংকট’ নিয়ে প্রচলিত ধারণা বাস্তবতার তুলনায় অনেকটাই অতিরঞ্জিত। তথ্যসূত্র: টাইমস হায়ার এডুকেশন

